প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৬ ০০:২৭

আশুলিয়ায় ৫ আগস্টের আলোচিত পোড়া পুলিশ ভ্যানের সন্ধান

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
আশুলিয়ায় ৫ আগস্টের আলোচিত পোড়া পুলিশ ভ্যানের সন্ধান

সাভারের আশুলিয়ায় ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় আলোচিত সেই পোড়া পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাইপাইল ত্রিমোড় এলাকায় একটি জমি উদ্ধার অভিযান চালানোর সময় ভ্যানটির সন্ধান মেলে।

বৃহস্পতিবার সকালে বাইপাইল ত্রিমোড় এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের (ভূমি) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকনের নেতৃত্বে জমি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের একটি অস্থায়ী ডাম্পিং স্টেশন খালি করার উদ্যোগ নেওয়া হলে আড়ালে থাকা পোড়া পুলিশ ভ্যানটি সংশ্লিষ্টদের নজরে আসে।

ভ্যানটির সন্ধান পাওয়ার খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ‘জুলাই যোদ্ধা’ ও স্থানীয়রা সেখানে জড়ো হন। তারা ভ্যানটিকে ৫ আগস্টের ঘটনার স্মারক হিসেবে সংরক্ষণের দাবি জানান।

ঘটনাস্থলে উপস্থিত আন্দোলনকারী আবিদুল আফিফ বলেন, ‘আশুলিয়া থানার সামনে গত ৫ আগস্ট আমাদের ছয় ভাইকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। তাদের মধ্যে একজন জীবিত ছিলেন। সেই ঘটনার পর থেকেই আমরা এই গাড়িটির খোঁজ করছিলাম। আমাদের দাবি, আশুলিয়ার এই নির্মম ঘটনার স্মৃতি হিসেবে ভ্যানটি অবিলম্বে জুলাই জাদুঘরে সংরক্ষণ করা হোক।’

আরেক আন্দোলনকারী ফয়সাল হোসেন ফাল্গুন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে গাড়িটির খোঁজে বিভিন্ন জায়গায় নজর রাখছিলাম। এটি আমাদের শহীদ ভাইদের রক্ত ও ত্যাগের নির্মম সাক্ষ্য বহন করছে। ডাম্পিংয়ে না পাঠিয়ে জাদুঘরে সংরক্ষণ করাই যুক্তিসঙ্গত।’

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে উচ্ছেদ অভিযানে নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা জেলার রিজার্ভ ফোর্সের অফিসার ইনচার্জ শহিদুল বলেন, ‘গাড়িটি এভাবে দেওয়া সম্ভব নয়। এটি আদালতের আলামত এবং মামলার গুরুত্বপূর্ণ বিষয়। এটি নিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ও আদালতের নির্দেশনা প্রয়োজন হবে। সিদ্ধান্ত না আসা পর্যন্ত আইনি প্রক্রিয়া মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ এবং পরে নিহত ও আহতদের একটি পুলিশ ভ্যানে তুলে আগুন দেওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই ঘটনায় ব্যবহৃত বলে আলোচিত পোড়া ভ্যানটির সন্ধান দীর্ঘদিন পর পাওয়ায় ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উপরে