প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ০০:৩৮

মুক্তিযোদ্ধার দাফনে বাধাদানকারীদের পরিণতি ভোগ করতে হবে: উপদেষ্টা

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধাদানকারীদের পরিণতি ভোগ করতে হবে: উপদেষ্টা

একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেছেন, এ ধরনের আচরণ সমাজে নিন্দিত হবে।

মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরেন উপদেষ্টা।

পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, “আমাদের সামনে যে তথ্য সামনে এলো, সেটা খুবই আসলে দুঃখজনক যে পলিটিক্যাল পার্টি এটার সঙ্গে ইনভলভ হয়ে কাজগুলো করেছে। এর পরিণতি তারা ভোগ করবে।”

একজন মানুষের মৃত্যুর পর তাঁর মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ কেউ পছন্দ করেন না উল্লেখ করে তিনি বলেন, যারা এমন কাজ করেন, শেষ পর্যন্ত তাঁরা সমাজে নিন্দিত হবেন।

অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কিছু মানুষের বিচার হওয়ার পর তাঁদের মরদেহের সঙ্গেও এমন আচরণ করা হয়েছিল।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি দেশে ফিরলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি উল্লেখ করে উপদেষ্টা বলেন, তাঁকে কোনো ধরনের গণপিটুনি বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।

উপরে