জয়পুরহাটে নদী থেকে ৮৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তির খণ্ডিত অংশ উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তুলসীগঙ্গা নদী থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তির একটি খণ্ডিত অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা অংশটির ওজন ৮৫ কেজি। বিজিবি এর সিজার মূল্য নির্ধারণ করেছে ৮৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন অধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে পাঁচবিবি থানা-পুলিশের বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ দল অভিযান শুরু করে। পাঁচবিবির ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশির একপর্যায়ে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় মূর্তিটির খণ্ডিত অংশটি উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা অংশটির ওজন করা হলে ৮৫ কেজি পাওয়া যায়। মূর্তিটির প্রত্নতাত্ত্বিক পরিচয় যাচাইয়ের জন্য নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে প্রয়োজনীয় প্রতিবেদন ও সনদ সংগ্রহ করা হয়েছে বলে বিজিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা বা এজাহার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
