স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, প্রধান শিক্ষক ও দপ্তরি আটক
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সহায়তার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দপ্তরিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাতে নওয়াপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মূল অভিযুক্ত শিক্ষক।অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, গত ২৬ অক্টোবর ওই প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। এসময় অভিযুক্ত সহকারী শিক্ষক বাথরুমে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন। এরপর কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দেন। বাড়ি ফিরে পরদিন মেয়েটি স্কুলে যেতে অস্বীকৃতি জানালে তার মা কারণ জানতে চান। এসময় সে ধর্ষণের ঘটনা জানায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থলে যান। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেন। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের ঘটনাটি অভিভাবক ও তার স্বজনরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানান। এরপর তিনি কোনো পদক্ষেপ না নিয়ে অভিযুক্ত শিক্ষককে দপ্তরির সাহায্যে পালিয়ে যেতে সহায়তা করেন। যে কারণে তাদের আটক করা হয়েছে। আটকদের ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। তিনি জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে কাজ করছে পুলিশ। দ্রুততম সময়ে তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
