চার মাসের শিশুকে ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ, আসামি গ্রেপ্তার
চার মাস বয়সী শিশু মাহিন ইসলাম আনাসকে চুরি করে ৪০ হাজার টাকায় বিক্রি এবং পরে মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মানবপাচার মামলার আসামি মিলনকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। রোববার রাতে দিনাজপুরের হাতীতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিলন নিউটাউন সাতমাথা এলাকার মনজুর আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়া থেকে চার মাস বয়সী শিশু মাহিন ইসলাম আনাসকে চুরি করে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। পরদিন শিশুটির মামা জিয়ারুল ইসলামকে জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনের সহযোগিতায় শিশুটিকে চুরি করে মিলনের কাছে বিক্রির কথা স্বীকার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, পরে শিশুটিকে ফেরত দেওয়ার বিনিময়ে মিলন তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পুলিশি তৎপরতার বিষয়টি টের পেয়ে তিনি শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রেখে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা সেখান থেকে শিশুটিকে উদ্ধার করেন।
এ ঘটনায় শিশুটির বাবা পার্বতীপুর থানায় মানবপাচার আইনে মামলা করেন। মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারের ধারাবাহিকতায় এসআরবি-১৩-এর একটি দল রোববার রাতে দিনাজপুরের হাতীতলা এলাকায় অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করে।
এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, হত্যা, অপহরণ ও মানবপাচারসহ গুরুতর অপরাধ দমনে এসআরবি পেশাদারত্বের সঙ্গে কাজ করছে। শিশু চুরি ও মানবপাচারের মতো অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
