সন্তান না হওয়ায় ভেঙে গেলো ৭ বছরের সংসার, সালিসে স্বামীর পা ধরে স্ত্রীর কান্নাকাটি
সাত বছরের দাম্পত্য জীবন। দীর্ঘদিনের অপেক্ষার পরও সন্তান না হওয়ায় ভাঙনের মুখে পড়ে তাঁদের সংসার। বিচ্ছেদ ঠেকাতে স্থানীয় সালিসে স্বামীর পা ধরে কান্নাকাটি করে সংসার টিকিয়ে রাখার আকুতি জানান স্ত্রী জান্নাতুল ইতি আক্তার। তবে তাঁর কান্না ও অনুরোধেও মন গলেনি স্বামী রনি খানের। শেষ পর্যন্ত বিচ্ছেদেই শেষ হয় তাঁদের সাত বছরের সংসার।
গত শনিবার রাতে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামে স্থানীয়ভাবে আয়োজিত সালিসে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি হিজলা থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী উপস্থিত ছিলেন।
ইতির ভাই জুলহাস সরদার জানান, সালিসে তাঁর বোন বারবার স্বামীকে সংসার না ভাঙার অনুরোধ করেন। একপর্যায়ে রনির পা ধরে কান্নাকাটিও করেন তিনি। উপস্থিত ব্যক্তিরাও রনিকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থেকে স্ত্রীকে তালাক দেন রনি।
ইতি ও তাঁর পরিবারের অভিযোগ, সন্তান না হওয়ার বিষয়টি কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। একপর্যায়ে শ্বশুরবাড়ি থেকেও তাঁকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগও করেছিলেন ইতি।
ইতির পরিবারের দাবি, চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসার মাধ্যমে তাঁর সন্তান ধারণের সম্ভাবনা রয়েছে। এ জন্য ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়, যাতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হতে পারে। মেয়ের চিকিৎসার জন্য বাবা নিজের শখের জমি বিক্রি করে ওই অর্থ দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। তবে তাতেও রনির সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে হিজলার মাসকাটা গ্রামের সিকিম আলী সরদারের মেয়ে ইতির সঙ্গে মেহেন্দিগঞ্জের বাবনেরচর গ্রামের কাজল খানের ছেলে রনির বিয়ে হয়। রনি পোশাক কারখানার শ্রমিক। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নরসিংদীর মাধবদী থানার চৌদ্দ পাইকা এলাকায় বসবাস করেন।
এ বিষয়ে রনি খান জানান, বিয়ের পর সাত বছর ধরে দেশের বিভিন্ন স্থানে স্ত্রীর চিকিৎসা করিয়েছেন। চিকিৎসকদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, তাঁর স্ত্রী কখনো মা হতে পারবেন না। এ কারণে তিনি আর সংসার করতে চান না। তবে চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের সম্ভাবনা এবং আইভিএফ পদ্ধতির বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
হিজলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আজগর আলী বলেন, ‘ইতি তাঁর স্বামীর সঙ্গে সংসার করার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু সন্তান না হওয়ার অজুহাতে তাঁদের বিচ্ছেদ হয়েছে। সালিসে সমাধান না হওয়ায় ইতি ও তাঁর পরিবারকে বরিশাল পারিবারিক আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।’
