বগুড়ায় জমি বিরোধে প্রকাশ্যে কুপিয়ে জখম, তিন দিন পর যুবকের মৃত্যু
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত খোরশেদ আলম (৩৮) নামের এক যুবক মারা গেছেন। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে রোববার (৮ নভেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত খোরশেদ আলম শাজাহানপুর উপজেলার মাদলা পূর্বপাড়া এলাকার আনসার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর বেলা ১১টার দিকে মাদলা হাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন খোরশেদ। পথে কয়েকজন ব্যক্তি তাঁর গতিরোধ করেন। একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, বুক ও পেটে এলোপাতাড়ি কোপানো হয়। এ সময় তাঁর কাছে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের ফুপাতো ভাই শাজাহান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দাবি, জমিজমা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। ওই বিরোধের জেরেই খোরশেদের ওপর হামলা চালানো হয়েছে।
ঘটনার দিনই খোরশেদের বাবা আনসার আলী বাদী হয়ে শাজাহানপুর থানায় আটজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেন। অভিযুক্তরা হলেন—মো. মাহফুজার (৪৬), তাঁর দুই ছেলে মো. জাফর (২৫) ও মো. জাহিদুল (২৪); মো. বেলাল (৭০), তাঁর তিন ছেলে মো. সেহজাদ (৪৫), মো. সুমন (৪০) ও মো. ফজল (৪০) এবং সেহজাদের ছেলে মো. কিমন (২৩)। তাঁদের সবার বাড়ি উপজেলার মাদলা দক্ষিণপাড়া ও পূর্বপাড়া এলাকায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খোরশেদ আলমের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
