প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬ ০৬:৪৭
নাটোর- বগুড়া মহাসড়কের সওজের জায়গা দখল করে অবাধে গড়ে উঠছে স্থাপনা
সিংড়া, নাটোর সংবাদদাতাঃ
নাটোর- বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার জলারবাতা এলাকায় সওজের জায়গা দখল করে অবাধে গড়ে উঠছে স্থাপনা। সড়কের দু ধারেই স্থাপনা গড়ে উঠেছে। সরকারী জমি দখল করে স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে নাটোর সড়ক ও জনপদ বিভাগ বরাবর আবেদন ও জমা করেছে স্থানীয়রা।
অভিযোগ সুত্রে প্রকাশ, নাটোর - বগুড়া মহাসড়কের ফোর লেন সড়কের জলারবাতা এলাকায় সওজের জায়গা দখল করে হোটেল নির্মান করেছে আব্দুল গনি ও তার লোকজন।
গত ৩/৪ দিন আগে জলারবাতা মসজিদের দক্ষিণ পাশে আরেকটি জায়গা দখল করে দোকানঘর নির্মান করা হয়েছে। এতে চলাচলের রাস্তা সংকীর্ণ হচ্ছে, দুর্ঘটনা ও বাড়ছে।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগে অভিযোগকারী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রকৌশলী শাজাহান আলী জানান, বিবাদী আ: গনি যে জায়গা দখল করেছেন তার পশ্চিমে তার দলিলি সম্পত্তি রয়েছে। তিনি অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করেছেন। এতে তার চলাচলের রাস্তা বন্ধ হয়ে পড়েছে। এভাবে দোকানপাট নির্মাণ হতে থাকলে রাস্তায় দুর্ঘটনা বাড়বে, সৌন্দর্য বিনষ্ট হবে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল গণির সাথে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
এ দিকে নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজাহার আলী বলেন, সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল রাখার এখতিয়ার কারো নাই। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে অবৈধ দখলমুক্ত করা হবে।
