প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬ ০০:১৪
নন্দীগ্রামে টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও আলু, কৃষকের চোখে দুশ্চিন্তার ছায়া
নন্দীগ্রাম বগুড়া সংবাদদাতাঃ
মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। বাম্পার ফলনের স্বপ্ন দেখছিলেন কৃষকরা। কিন্তু টানা দুই দিনের ভারী বৃষ্টিতে সেই স্বপ্নে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আধাপাকা ও পাকা আমন ধান। একই সঙ্গে পানির নিচে রয়েছে সদ্য রোপণ করা আগাম জাতের আলু, মরিচ, পেঁয়াজ, শাকসবজি ও সরিষার জমি। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকরা। রবিবার (২২ নভেম্বর) উপজেলার ৪নং থালতা-মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর, মধুকুড়ি এবং ৫নং ভাটগ্রাম ইউনিয়নের নিমগ্রামসহ বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ ফসলি জমি বৃষ্টির পানিতে ডুবে আছে। কোথাও আধাপাকা ধান, কোথাও পাকা ধান পানির নিচে। এমনকি জমিতে কেটে রাখা ধানের আঁটিও পানির নিচে। কেউ পানি থেকে ধান তুলে আনছেন, আবার কেউ মাঠে পড়ে থাকা ফসল রক্ষায় ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে নন্দীগ্রামে আমন ধানের বাম্পার ফলনের প্রত্যাশা ছিল কৃষকদের। মৌসুমের শুরু থেকে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অর্থ ব্যয় করে ফসলের পরিচর্যা করেছেন তারা। মাঠে সোনালি ধান দেখে ঘরে ফসল তোলার স্বপ্নও বুনেছিলেন। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে টানা বৃষ্টিতে সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।
কৃষক মোশারফ বলেন, দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকলে কাটা ও পাকা ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। সারা মৌসুমের পরিশ্রমের ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা ভাবতে পারেননি তারা। কৃষক বুলু বলেন, এত কষ্ট করে ফলানো ফসল চোখের সামনে বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে, ভেবেছিলেন, ধান ঘরে তুলতে পারলে দেনা পরিশোধের পাশাপাশি পরিবারের খরচ মেটাতে পারবেন। এদিকে উপজেলার অনেক কৃষক আগাম জাতের ধান কাটার পর জমিতে আগাম আলু ও সরিষা চাষ শুরু করেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে সদ্য রোপণ করা আলু ও সরিষার চারাও পানির নিচে তলিয়ে গেছে। ফলে চলতি মৌসুমে আলু ও সরিষা চাষের কার্যক্রম পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কৃষকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নন্দীগ্রামে ১৯ হাজার ৫৪৫ হেক্টর জমিতে ধান, ৩ হাজার হেক্টর জমিতে আলু, ৪ হাজার হেক্টর জমিতে সরিষা, ২০৮ হেক্টর জমিতে মরিচ, ২০৩ হেক্টর জমিতে শাকসবজি এবং ৪ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ রয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের তথ্য কৃষকদের আগেই সতর্কতামূলকভাবে জানানো হয়েছে। ধান পেকে গেলে দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কর্তন করা হয়েছে। বৃষ্টির কারণে আলু ও সরিষা চাষের কার্যক্রম কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে আবহাওয়া দ্রুত ভালো হলে কৃষকদের সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হবে।
