প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:২৪

বগুড়ায় বিসিএল: হাসান মাহমুদের অলরাউন্ড নৈপূণ্যে প্রথম জয় পেলো ইষ্ট জোন

সঞ্জু রায়, বগুড়া:
বগুড়ায় বিসিএল: হাসান মাহমুদের অলরাউন্ড নৈপূণ্যে প্রথম জয় পেলো ইষ্ট জোন
ছবি- চাঁদনী বাজার/সঞ্জু রায়

বিসিবি আয়োজিত ১২তম বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বগুড়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেসার হাসান মাহমুদের অলরাউন্ড নৈপূণ্যে সাউথ জোনকে ১ উইকেটে হারিয়ে প্রথম জয় পেয়েছে ইষ্ট জোন। ১৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪১ রানে ৯ উইকেট হারানো ম্যাচে অবিশ্বাস্য ব্যাট করে দলকে জয় এনে দিলেন হাসান মাহমুদ। বল হাতে ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৪৫ বলে অপরাজিত ৩৫ রান করে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও ছিনিয়ে নিয়েছেন তিনি।
শনিবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে ইষ্ট জোন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ওপেনার আনিসুল ইসলাম একপ্রান্তে লড়াই করলেও ক্রিজের অপর প্রান্তে আর কোন ব্যাটার সেভাবে সাপোর্ট দিতে পারেনি। শেষ পর্যন্ত ৪৩.২ ওভারে ১৮০ রানে অলআউট হয় সাউথ জোন। আনিসুল দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন। এছাড়া রবিউল ৩১, শহিদুল ২৮ এবং আসিফ হোসেন ২৪ রান করেন। ইষ্ট জোনের হাসান মাহমুদ ও নাঈম হাসান ৩টি করে এবং নাসুম আহম্মেদ ২টি উইকেট লাভ করেন।
সহজ টার্গেট তাড়া করতে নেমে ইষ্ট জোন শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। সেখান থেকে দলকে টেনে তোলেন শাহাদত হোসেন দিপু ও মমিনুল হক। দিপু ৪২ এবং মমিনুল ২৯ রানে সাজঘরে ফিরলে জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে আসে। কিন্তু বল হাতে ৩ উইকেট শিকারী পেসার হাসান মাহমুদ ব্যাট হাতে প্রতিপক্ষের সামনের শক্ত দেয়াল তুলে দেন। নিশ্চিত হারতে যাওয়া দলকে একাই টেনে নেন জয়ের বন্দরে। শেষ পর্যন্ত ১৫ বল বাঁকি থাকতেই ১ উইকেটের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে ইষ্ট জোন। এটি তাদের এবারের মৌসুমের প্রথম জয়। হাসান মাহমুদ ৪৫ বলে অপরাজিত ৩৫ রান করে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। সাউথ জোনের সৌম্য ৪টি এবং মেহেদী হাসান মিরাজ ২টি উইকেট লাভ করেন।

উপরে