প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৬

হত্যা মামলায় গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক

চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
হত্যা মামলায় গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়ক মরতুজা পলাশ। তিনি চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘শিকার’-এর নায়ক। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

নেপাল থেকে সিনেমাটির শুটিং শেষে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই হত্যা মামলার এজাহারনামীয় আসামি বলে জানা গেছে। তবে তাঁর গ্রেপ্তারের বিষয়টি এত দিন প্রকাশ্যে আসেনি।

জানা গেছে, ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত আগস্টে নেপালে যান পলাশ। সেখানে ২৫ দিনের বেশি সময় শুটিং করে ২৮ আগস্ট দেশে ফেরে সিনেমাটির পুরো দল। নেপালে আকস্মিক বন্যার কারণে নির্ধারিত সময়ের আগেই শুটিং শেষ করে দেশে ফেরেন তাঁরা। দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই পলাশকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা ও অন্য আসামিদের বিষয়ে তাঁর কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পলাশ কারাগারে থাকায় অনিশ্চয়তায় পড়েছে ‘শিকার’ সিনেমার বাকি কাজ। নেপালে সিনেমাটির বেশির ভাগ অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে। কয়েকটি দৃশ্য ও গানের শুটিং বাকি রয়েছে। আগামী অক্টোবরে এসব দৃশ্যের শুটিং করার পরিকল্পনা থাকলেও নায়কের কারাবাসের কারণে চূড়ান্ত সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান জানান, পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, তিনি দ্রুত মুক্ত হয়ে ফিরবেন। তা না হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত থ্রিলারধর্মী ‘শিকার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে পলাশের বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস। আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।

উপরে