প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬ ১৭:১০

প্রথম দিনেই কেবল কারে উঠার দীর্ঘ লাইন বগুড়ার মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে

নিজস্ব প্রতিবেদক
প্রথম দিনেই কেবল কারে উঠার দীর্ঘ লাইন বগুড়ার মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে
ছবি- চাঁদনী বাজার

বগুড়ার পাঁচতারকা মানের মম ইন ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট-এ প্রথমবারের মতো চালু হয়েছে আধুনিক ‘কেবল কার’ রাইড। শনিবার ঈদের দিন উদ্বোধনের পর থেকেই এতে চড়তে ভিড় করছেন দর্শনার্থীরা।

রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, দেশে প্রথমবারের মতো কোনো তারকা হোটেল বা বিনোদন পার্কে বিশ্বমানের কেবল কার রাইড চালু করা হয়েছে। কেবল কারটির একটি স্টেশন হোটেল প্রাঙ্গণে এবং অন্যটি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় স্থাপন করা হয়েছে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই রুটের উচ্চতা ১৩০ থেকে ১৪০ ফুট। এতে ৩২টি কেবিন রয়েছে, প্রতিটিতে চারজন করে মোট ১২৮ জন একসঙ্গে ভ্রমণ করতে পারেন। জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

এই রাইডে আসা-যাওয়ায় সময় লাগে প্রায় ৩৬ মিনিট। হোটেলের অতিথিদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীরাও এই সুবিধা নিতে পারবেন।

রিসোর্টের ব্যবস্থাপক (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, দেশীয় পর্যটনশিল্পকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে কেবল কার ছাড়াও বোটিং, সাইক্লিং, গেমিং জোন, ট্র্যাকলেস ট্রেনসহ বিভিন্ন বিনোদন সুবিধা রয়েছে।

তিনি আরও জানান, দর্শনার্থীদের জন্য রয়েছে ফেরিস হুইল, ওয়েভ পুল, লেজি রিভার, রেইন ড্যান্সসহ আধুনিক নানা ওয়াটার রাইড এবং হেলিকপ্টার রাইডের ব্যবস্থাও।

ঈদের দিন দুপুর থেকেই রিসোর্টে দর্শনার্থীদের ঢল নামে। পরিবার নিয়ে কেবল কারে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা মোশতাক আহমেদ। তিনি বলেন, “উঁচু থেকে চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য অসাধারণ লেগেছে। বিকেলের আলোয় সবুজ প্রকৃতি ও করতোয়া নদীর সৌন্দর্য সত্যিই মুগ্ধ করেছে।”

রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার বলেন, এই কেবল কার রাইড দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পাশাপাশি উত্তরাঞ্চলের পর্যটন ব্র্যান্ডিংয়েও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এন/এস

উপরে