বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা র‌্যালি | Daily Chandni Bazar বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা র‌্যালি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ আগস্ট, ২০১৯ ২১:০৬
বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা র‌্যালি
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা র‌্যালি

বাংলাদেশর মানুষের মাঝে ডেঙ্গু জ্বর এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরের প্রভাব বেড়েই চলছে। ধীরে ধীরে দেশের প্রতিটি জেলায় ডেঙ্গু বিস্তার লাভ করছে। তাই ডেঙ্গু জ্বরের কবল থেকে রক্ষা পেতে দেশের সকল মানুষকে সচেতন হতে হবে। এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে দেশের প্রতিটি জায়গায় ডেঙ্গু রোগে সর্তকতা ও করণীয় বিষয়ক লিফলেট বিতরন সহ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকালে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন (আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা) রাজশাহী বিভাগীয় জোনাল কমিটির আয়োজনে বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা র‌্যালি বের হয়। র‌্যালিটি বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সংগঠনের সভাপতি মোছাঃ স্বপনা চৌধুরী’র সভাপতিত্বে র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক করতোয়া’র বার্তা সম্পাদক প্রদীপ ভট্রাচার্য শংকর, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এ্যাডোনিস তালুকদার বাবু, জাপান-বাংলাদেশ মানবাধিকার জেলা শাখার সভাপতি আবু সাঈদ। সংগঠনের সাধারন সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনা ও পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোজাম্মেল হক সিমন, নিলুফা বেগম, লতিফ, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পারভেজ রিজু, অর্থ বিষয়ক সম্পাদক আবু তাহের মেজবা, সহ-প্রচার সম্পাদক শুভ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নিশি, কোহিনুর, কাহালু উপজেলার সভাপতি আলম, নাসরীন সুলতানা, রাখি, পিংকি, রিজন আহম্মেদ, হীরা ইসলাম, আঞ্জুমান বেগম ও রাশেদা খাতুন প্রমূখ।

উক্ত র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক উদ্যোগ গ্রহন করেছেন। শুধু তাই নয় সরকারের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের ডেঙ্গু রোগে সচেতন হওয়া উচিৎ। তিনি আরো বলেন, আমরা আমাদের কর্মরত প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়ির আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখবো যাতে করে ডেঙ্গু’র প্রভাব কোনভাবেই বিস্তার লাভ করতে না পারে।