নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ হক সাহেব (৫২) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে নওগাঁ জেলা শাখা গোয়েন্দা পুলিশ (ডিবি) । গতকাল রোববার দুপুরে উপজেলার পাঁচুপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হক সাহেব নাটোরের সিংড়া উপজেলার রামনগর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে ।নওগাঁ জেলা শাখা গোয়েন্দা পুলিশ ডিবি’র এসআই মিজানুর রহমান জানান, ওই এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় । এসময় এক কেজি গাঁজাসহ হক সাহেবকে আটক করা হয় । কর্মকর্তা আরো জানান,দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে নওগাঁ-নাটোর সিমান্ত এলাকা ঘেষে কৌশলে মাদক ব্যবসা করে আসছিল হক সাহেব। সে নওগাঁ এবং নাটোর জেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত । এঘটনায় রাণীনগর থানায় একটি মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।