নওগাঁয় দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে জিলা স্কুল মাঠে সাহিত্য মেলার উদ্বোধন করেন নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে বাংলা একাডেমির একটি প্রকল্পের অধীনে নেওয়া কর্মসূচির অংশ হিসেবে এই মেলার আয়োজন করে জেলা প্রশাসন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও বাংলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাকির হোসেন বক্তব্য রাখেন। প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির পরিচালক নূরুন্নাহার খানম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সাহিত্য হতে পারে অন্যতম বড় হাতিয়ার। কারণ, সাহিত্য মানুষকে মননশীল করে তোলে। মানুষের প্রতি মানুষের প্রতি ভালাবাসা সৃষ্টি করে। তাই আমাদের সবাইকে সাহিত্যচর্চার উপর জোড় দিতে হবে।
বাংলা একাডেমির পরিচালক নূরুন্নাহার খানম বলেন, সাহিত্যের দ্রাহ অন্যায়ের প্রতি প্রতিবাদী হতে মানুষের মাঝে সাহস সঞ্চার করে। সমাজ ও দেশকে সুন্দর করতে হলে অবশ্যই সাহিত্যের কাছে আশ্রয় নিতে হবে। কবি-সাহিত্যিকদের সম্মেলন অথবা মেলার মাধ্যমে জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার মাধ্যমে দেশের সাহিত্য কর্ম আরও সমৃদ্ধ হবে।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, জীবনকে সৃজনশীল ও ক্রিয়াশীল রাখতে সাহিত্যের সান্নিধ্য আবশ্যক। সাহিত্য মানবমনের চিরকালের মুক্তির সরোবর। সাহিত্য পাঠের চেয়ে মহৎ আনন্দ আর নেই। একনিষ্ঠ পাঠকের পক্ষেই কেবল এ আনন্দ লাভ করা সম্ভব। সাহিত্যপাঠের মাধ্যমে আমরা লাভ করি জগৎ ও জীবনের উপলব্ধি। সেই সঙ্গে আমরা উপলব্ধি করি নিজেকে। আমাদের অন্তরের ‘আমি’ কে তা জানার প্রশ্ন আসে মন থেকে। সাহিত্যপাঠের মতো নির্মল ও পবিত্র আনন্দ আর নেই।
দুই দিনব্যাপী এই মেলায় সাহিত্য, প্রবন্ধপাঠ ও আলোচনার সঙ্গে থাকবে লেখক কর্মশালা। সাহিত্যর বিভিন্ন ধরণ, ছনাদ, বানান, বাক্য গঠন নিয়ে এ কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন