ভাইরাল ছবি নিয়ে যা বললেন জায়েদ খান | Daily Chandni Bazar ভাইরাল ছবি নিয়ে যা বললেন জায়েদ খান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মার্চ, ২০২৬ ১৬:৪২
ভাইরাল ছবি নিয়ে যা বললেন জায়েদ খান
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

ভাইরাল ছবি নিয়ে যা বললেন জায়েদ খান

ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা জায়েদ খান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে ২০২৪ সালের জুলাই মাসে সাত সমুদ্দুর পাড়ি দেন তিনি। তারপর থেকেই প্রবাসজীবনে নতুন ধরনের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা।
সেখান থেকেই বিভিন্ন সময় ইউরোপ-আমেরিকার নানা জায়গায় অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গেছে জায়েদ খানকে। তবে গত কয়েক মাস ধরে আলোচনায় নেই তিনি। সেই সঙ্গে বর্তমানে ঠিক কী করছেন বিদেশে, সেই প্রশ্ন অনেকের মুখে।
বেশ কয়েক দিন ধরে জায়েদ খানের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে, যা নিয়ে কৌতূহল বেড়েছে নেটিজেন ও তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, মাথায় সেফটি হেলমেট, পরনে কাজের পোশাক। একজন নির্মাণশ্রমিকের মতো ভারি কিছু বহন করছেন জায়েদ খান। আর সেই ছবি নিয়েই এখন নেটিজেনদের মাঝে নানা জল্পনা-কল্পনা।
এক নেটিজেন লিখেছেন— স্টারডম ছেড়ে হাড়ভাঙা পরিশ্রমে নতুন জীবন শুরু করেছেন জায়েদ খান। আরেক নেটিজেন লিখেছেন— প্রবাস মানেই কষ্ট আর সংগ্রাম। আবার কেউ সহানুভূতি জানিয়ে লিখেছেন— আহারে জীবন!
অভিনেতার ছবিটি নিয়ে নানা মন্তব্য থাকলেও এ ব্যাপারে এতদিন কথা বলেননি জায়েদ খান। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৭ মিনিটে সামাজিক মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এ অভিনেতা। তিনি লিখেছেন—গত দুদিন ধরে একটি ছবিকে ঘিরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও ভক্ত চিন্তিত ছিলেন। অনেকেই ছবিটি দেখে আমার খোঁজ নিয়েছেন। এমনকি কেউ কেউ সাহায্য করার কথাও বলেছেন। আপনাদের এ ভালোবাসা ও উদ্বেগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সবসময় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।
এছাড়া ছবিটির পেছনের গল্প জানার জন্য দর্শকদের তার কর্মস্থল ‘ঠিকানা’র পেজে চোখ রাখার জন্য আহ্বান জানিয়েছেন জায়েদ খান। শুক্রবার রাত ৮টায় বিষয়টি প্রকাশ করা হবে বলে উল্লেখ করেছেন তিনি। পরে অবশ্য জানা যায়, ভাইরাল ছবিটি মূলত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য। ‘আমেরিকান ড্রিম’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই বাস্তব ঘটনা মনে করে ভুল বুঝেছিলেন।
আমেরিকান ড্রিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাণ এর মধ্যেই শেষ হয়েছে বলে জানিয়েছেন জায়েদ খান। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন ছোটপর্দার আলোচিত সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, প্রবাসীদের জীবনে ‘আমেরিকান ড্রিম’ শুধু একটি স্বপ্ন নয়, এর পেছনে সংগ্রাম, ত্যাগ ও নানা অদেখা বাস্তবতা থাকে। এই প্রথম পর্বে সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করেছি আমরা।