মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়া | Daily Chandni Bazar মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়া | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ মার্চ, ২০২৬ ০০:২৭
মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক

মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কার পেলেন খালেদা জিয়া

নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া-কে মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কার প্রদান করা হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ সাহাবুদ্দিন-এর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব প্রদান এবং দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।

অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নারী উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।