নেশার টাকা জোগাতে বাবাকে সঙ্গে নিয়ে নিজের শ্বশুরবাড়িতে চুরির অভিযোগে এক যুবক ও তার বাবাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন পৌরশহরের শ্যামলী এলাকায় রোববার (৯ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টার দিকে।
আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মধ্যবাজার এলাকার বাসিন্দা বরুণ চন্দ্র কর্মকার (৪৫) ও তার ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে মদন পৌরশহরের বাসিন্দা অমূল্য চন্দ্র দাসের মেয়ের সঙ্গে তরুণ চন্দ্র কর্মকারের বিয়ে হয়। বিয়ের দুই মাস পর তরুণ তার স্ত্রী ও বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে আসেন। পরে তারা শ্বশুরবাড়ির কাছেই শ্যামলী রোড এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
এক পর্যায়ে তরুণ মাদকাসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় এক সপ্তাহ আগে নেশার টাকা জোগাতে তরুণ ও তার বাবা মিলে শ্বশুর অমূল্য চন্দ্র দাসের বাসা থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি করেন। রোববার রাতে আবারও একই উদ্দেশ্যে শ্বশুরের ঘরে চুরি করতে গেলে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
চুরির বিষয়ে তরুণ চন্দ্র কর্মকার বলেন, ‘আমি আগে নেশা করতাম, এখন আর ইয়াবা খাই না। তবে এক সপ্তাহ আগে আমার বাবা শ্বশুরের ঘর থেকে স্বর্ণালংকার চুরি করেছিলেন। এটি আমাদের ঠিক হয়নি।’
অন্যদিকে বাবা বরুণ চন্দ্র কর্মকার বলেন, ‘টাকার চাপে পড়ে স্বর্ণালংকার চুরি করে বিক্রি করেছি। কাজটি আমাদের করা ঠিক হয়নি।’
ভুক্তভোগী অমূল্য চন্দ্র দাস বলেন, ‘আমার মেয়ের জামাই নেশাগ্রস্ত। বিয়ের পর থেকে সে আমার মেয়ের স্বর্ণালংকার বিক্রি করে দিয়েছে। এখন আবার নেশার টাকার জন্য বাবা-ছেলে মিলে আমার ঘরে চুরি করেছে। এ ঘটনায় আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’