বগুড়ায় নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রি: দুই দোকানিকে জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রি: দুই দোকানিকে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ২২:১৭
বগুড়ায় নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রি: দুই দোকানিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রি: দুই দোকানিকে জরিমানা

বগুড়া শহরের ফতেহ আলী বাজার এলাকায় নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের রফাতুল্ল্যা প্লাজার চুড়িপট্টি এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম—‘গৌরী’, ‘চাঁদনী’ ও ‘ডিউ’ বিক্রির অপরাধে দূর্জয় স্টোরের মালিক মৃত্যুঞ্জয় কুমার সাহাকে ৩০ হাজার টাকা এবং আদি আনার কলি স্টোরের মালিক দেলোয়ার হোসেন মিল্লাতকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

র‍্যাব জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।