ঢাকা–বগুড়া মহাসড়কের শেরপুর স্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে মহাসড়কের পাশে অবৈধভাবে রাখা বিভিন্ন নির্মাণসামগ্রী ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ দখল ও স্থাপনার কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। অভিযানের মাধ্যমে এসব অবৈধ দখল সরিয়ে মহাসড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
এ সময় মহাসড়কে উল্টো পথে চলাচলকারী বিভিন্ন যানবাহন ও থ্রি-হুইলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি চালকদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রইছ উদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. নুর হোসেন, পুলিশ সার্জেন্ট কে. এম. ফয়সালসহ ক্যাম্পের অন্যান্য সদস্যরা অংশ নেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রইছ উদ্দিন জানান, মহাসড়কে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। মহাসড়কে অবৈধ পার্কিং, উল্টো পথে যান চলাচল এবং সড়কের পাশে অবৈধ স্থাপনার কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।