প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব | Daily Chandni Bazar প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ ১৯:২৪
প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: যুগান্তর হতে সংগৃহীত

প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় রউফ জালালের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি।

জানা যায়, বগুড়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক আজ ও আগামীকাল পত্রিকায় একসময় সাংবাদিক রউফ জালালের সঙ্গে একত্রে কাজ করতেন আতিকুর রহমান রুমন। সে সূত্রে বগুড়ায় এসে প্রথমেই তিনি সহকর্মী রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় আতিকুর রহমান রুমন বলেন, “প্রয়াত রউফ জালাল ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। আমরা দীর্ঘদিন সহকর্মী হিসেবে কাজ করেছি। তিনি আমাকে খুব স্নেহ করতেন। তার স্মৃতিগুলো আমাকে আজও আবেগপ্রবণ করে তোলে। তাই বগুড়ায় এলে আমি তার সঙ্গে দেখা করার চেষ্টা করতাম। তার মৃত্যু আমাকে অত্যন্ত ব্যথিত করেছে।”

উল্লেখ্য, বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরের সূত্রাপুর এলাকার ভাড়া বাসায় সাংবাদিক রউফ জালালের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি নিজ বাসায় তিনি স্ট্রোক করেন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর বাড়িতে এনে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

সাংবাদিক রউফ জালাল ২০০২ সাল থেকে চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ জোহর বগুড়া শহরের সেউজগাড়ী জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে আনজুমান-ই-কবরস্থানে দাফন করা হয়।