বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতাকর্মীর ইফতার মাহফিল | Daily Chandni Bazar বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতাকর্মীর ইফতার মাহফিল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬ ২১:১৬
বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতাকর্মীর ইফতার মাহফিল
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতাকর্মীর ইফতার মাহফিল

বগুড়ায় শতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রলীগ-যুবলীগের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ছবি : কালবেলা হতে সংগৃহিত

বগুড়ার আদমদীঘি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের একটি মৎস্য প্রজেক্টে এ আয়োজন করা হয়।

জানা যায়, উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে আয়োজিত ওই ইফতার মাহফিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইফতার মাহফিলে উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাকিব এবং সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি শুভ বক্তব্য দেন। এছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি ও বক্তব্য দিতে দেখা যায়।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “বিষয়টি আগে থেকে জানা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর আমরা বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”