বগুড়ায় ছাত্রলীগের গোপনে আয়োজন করা ইফতার পার্টির আয়োজক গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়ায় ছাত্রলীগের গোপনে আয়োজন করা ইফতার পার্টির আয়োজক গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ ২৩:৫৭
বগুড়ায় ছাত্রলীগের গোপনে আয়োজন করা ইফতার পার্টির আয়োজক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ছাত্রলীগের গোপনে আয়োজন করা ইফতার পার্টির আয়োজক গ্রেপ্তার

উপজেলা ছাত্রলীগের সদস্য আশিক রহমান (২৮) । ছবি - সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইফতার পার্টির আয়োজক উপজেলা ছাত্রলীগের সদস্য আশিক রহমান (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আশিক রহমান ওই এলাকার আজিজুল হক মঞ্জুর ছেলে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে উপজেলার রক্তদহ বিল এলাকায় কদমা গ্রামের একটি মাছের খামারে ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই আয়োজনের নেতৃত্ব দেন আশিক রহমান। এতে ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এদিকে রোববার রাত প্রায় ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, ওই মামলাটি ২০২৪ সালের ২৫ আগস্ট দায়ের করা হয়, যেখানে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।