প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬ ১৫:০৩
বগুড়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় ভাই-বোনসহ নিহত ৩, আহত ৬
শেরপুর, বগুড়া সংবাদদাতাঃ
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের অবস্থা গুরুতর ছিল।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মর্তুজা নূর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন—ফাতেমা জান্নাত ইলহাম (দেড় বছর), পিতা: তারিকুল ইসলাম, ঠিকানা: তালুক শাহাবাজ, কাউনিয়া; মরজিনা খাতুন, রুমি, হেলেনা, তৌসিফ ও ফাতেমা।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।