যথাযোগ্য মর্যাদায় বগুড়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত | Daily Chandni Bazar যথাযোগ্য মর্যাদায় বগুড়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ ০০:০৮
যথাযোগ্য মর্যাদায় বগুড়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
‎আল- মামুনঃ

যথাযোগ্য মর্যাদায় বগুড়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

‎​যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শহরের ‘মুক্তির ফুলবাড়ী’ শহীদ স্মৃতিস্তম্ভে।

‎​ভোর হওয়ার সাথে সাথেই বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পুষ্পস্তবক অর্পণ করে কর্মসূচির সূচনা করেন। এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

‎​রাজনৈতিক দলগুলোর মধ্যে জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।

‎​সাংবাদিক সমাজের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, টিভি রিপোর্টার্স ইউনিটি বগুড়া এবং বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা সহ সকল সরকারি-বেসরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

‎​সকাল ৮টায় বগুড়া শহিদ চান্দু স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত (ডিসপ্লে) অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থিত দর্শকদের বিমোহিত করে।

‎​অনুষ্ঠান শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎​দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। হাসপাতাল ও জেলখানায় পরিবেশন করা হয়েছে উন্নতমানের খাবার। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।