বগুড়ায় স্বামীর সাথে ঝগড়া করে চলন্ত ট্রেন থেকে লাফ দিলেন নারী, অতপর... | Daily Chandni Bazar বগুড়ায় স্বামীর সাথে ঝগড়া করে চলন্ত ট্রেন থেকে লাফ দিলেন নারী, অতপর... | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ০০:৪২
বগুড়ায় স্বামীর সাথে ঝগড়া করে চলন্ত ট্রেন থেকে লাফ দিলেন নারী, অতপর...
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় স্বামীর সাথে ঝগড়া করে চলন্ত ট্রেন থেকে লাফ দিলেন নারী, অতপর...

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে মেহেরুন নেছা পারুল (৩০) নামের এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। এতে তার দুই পা ভেঙে গেছে।

সোমবার (৩০ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উপজেলার সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পারুল দিনাজপুরের হাকিমপুর উপজেলার দীঘির ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছাবের আহমেদ ও মাহমুদা বেগমের মেয়ে। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার রুদ্রবালা গ্রামের রাকিব মোল্লার তৃতীয় স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে স্বামী রাকিব মোল্লা স্ত্রীকে বাবার বাড়িতে পৌঁছে দিতে সান্তাহারে আসেন। সেখানে তাদের মধ্যে পারিবারিক বিরোধের জেরে ঝগড়া হয়। পরে রাকিব অন্য ট্রেনে ঢাকায় ফিরে যান।

এরপর রাত সাড়ে ৩টার দিকে পারুল সান্তাহার জংশন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের নিচে শুয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত পুলিশ ও রেলকর্মীরা তাকে উদ্ধার করেন।

পরে তাকে বাড়িতে পাঠানোর উদ্দেশ্যে ভোরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে তুলে দেওয়া হয়। কিন্তু ট্রেনটি পোঁওতা এলাকায় পৌঁছালে পারুল টয়লেটে যাওয়ার কথা বলে বগির দরজার কাছে গিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, তার দুই পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।