বিয়েতে নাতনীর ওজনে কয়েন উপহার দিলেন নানা | Daily Chandni Bazar বিয়েতে নাতনীর ওজনে কয়েন উপহার দিলেন নানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ ০০:৫৭
বিয়েতে নাতনীর ওজনে কয়েন উপহার দিলেন নানা
নিজস্ব প্রতিবেদক

বিয়েতে নাতনীর ওজনে কয়েন উপহার দিলেন নানা

বগুড়ায় নাতনির বিয়েতে তাঁর সমপরিমাণ ওজনের কয়েন উপহার দিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন এক নানা। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় এ অনন্য আয়োজনের ঘটনা ঘটে।

জানা যায়, ঠনঠনিয়া এলাকার বাসিন্দা আব্দুল কাদের তাঁর নাতনি নাইমা আক্তারের বিয়ে উপলক্ষে এ বিশেষ উপহারের আয়োজন করেন। দীর্ঘ দেড় বছর ধরে মাটির ব্যাংকে কয়েন জমিয়ে তিনি এই প্রস্তুতি নেন।

বিয়ের অনুষ্ঠানের এক পর্যায়ে দাঁড়িপাল্লার এক পাশে কনেকে বসিয়ে অপর পাশে ধাপে ধাপে কয়েন তোলা হয়। পরে কনের ওজনের সমপরিমাণ কয়েন মেপে তা উপহার হিসেবে তুলে দেন তিনি।

ব্যতিক্রমী এ দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

আব্দুল কাদের জানান, বড় মেয়ের ঘরে জন্ম নেওয়া প্রথম নাতনির জন্য এমন বিশেষ কিছু করার ইচ্ছা ছিল তাঁর এবং তাঁর স্ত্রীর। সেই ইচ্ছা থেকেই ধীরে ধীরে কয়েন জমাতে শুরু করেন তারা। তবে ছয় মাস আগে তাঁর স্ত্রী মারা গেলেও শেষ পর্যন্ত স্ত্রীর সেই স্বপ্ন পূরণ করেন তিনি।

এদিকে এমন উপহার পেয়ে আবেগাপ্লুত নাতনি নাইমা আক্তার বলেন, “নানা-নানির ইচ্ছা ছিল আমার ওজনের সমপরিমাণ কয়েন উপহার দেওয়ার। নানি বেঁচে থাকলে আরও ভালো লাগত।”

এই ব্যতিক্রমী আয়োজন দেখতে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি আশপাশের অনেক মানুষ ভিড় জমান। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা দাঁড়িপাল্লায় কনে ও কয়েন মেপে উপহার দেওয়ার দৃশ্য উপভোগ করেন।

স্থানীয়দের মতে, ভালোবাসা ও স্মৃতির প্রতি শ্রদ্ধা থেকেই এমন ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করেছেন আব্দুল কাদের। জানা গেছে, নাতনিকে প্রায় ৫৮ কেজি ওজনের কয়েন উপহার দেওয়া হয়েছে।