রামেক হাসপাতালে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু | Daily Chandni Bazar রামেক হাসপাতালে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৬ ০২:১৮
রামেক হাসপাতালে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রামেক হাসপাতালে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় সংক্রামক হাম রোগের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টার মধ্যে তারা মারা যায়। দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৯৮ শিশু চিকিৎসাধীন আছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৬ জন। হাসপাতালটিতে এ পর্যন্ত মোট তিন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি শিশু ভর্তি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। এ জেলার ৪৭ শিশু এখন রামেক হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া রাজশাহীর ২৬, নওগাঁর ৪, কুষ্টিয়ার ১২, নাটোরের ৪, পাবনার ৪ ও মেহেরপুরের একজন শিশু ভর্তি আছে হামের উপসর্গ নিয়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই হাসপাতাল থেকে শিশুদের নমুনা নিয়ে পরীক্ষা করছে। এতে এখন পর্যন্ত ৩৫ শিশুর হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ হিসেবে শিশুদের শরীরে র‌্যাস, জ্বর, শ্বাসকষ্ট ও চোখের ইনফেকশন দেখা যাচ্ছে। যাদের শ্বাসকষ্ট বেশি তাদের আইসিইউ প্রয়োজন হচ্ছে।

ডা. শংকর কুমার বিশ্বাস জানান, হামে আক্রান্ত শিশুদের ৫৫ শতাংশের বয়স ৬ মাসের নিচে। এটা উদ্বেগজনক। কারণ শিশুদের টিকা দেওয়া হয় ৯ মাস বয়সে। এ অবস্থায় সরকার ৬ মাসেই হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ‘হাম যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য আমরা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও আইসোলেশন কর্নার চালু করেছি। হাম থেকে জটিলতা বাড়লে আইসিইউ লাগতে পারে। এ জন্য জনবলসহ যা যা প্রয়োজন তা পেতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।’