২০ এপ্রিল সফরে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান | Daily Chandni Bazar ২০ এপ্রিল সফরে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ ০০:৩৭
২০ এপ্রিল সফরে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল সফরে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সরকারি সফরে আগামী ২০ এপ্রিল (সোমবার) বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বগুড়া সিটি করপোরেশনসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, ওইদিন সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ১০টা ৪৫ মিনিটে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

বেলা ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন। পরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুর এলাকার চৌকিরদহ খালে খনন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।

দুপুরের পর প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটায় কিছু সময় কাটাবেন।

বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।