বগুড়ায় আজ প্রধানমন্ত্রীর সফর: সিটি কর্পোরেশন উদ্বোধনসহ দিনব্যাপী কর্মসূচি | Daily Chandni Bazar বগুড়ায় আজ প্রধানমন্ত্রীর সফর: সিটি কর্পোরেশন উদ্বোধনসহ দিনব্যাপী কর্মসূচি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ ২৩:৪৩
বগুড়ায় আজ প্রধানমন্ত্রীর সফর: সিটি কর্পোরেশন উদ্বোধনসহ দিনব্যাপী কর্মসূচি
আল- মামুনঃ

বগুড়ায় আজ প্রধানমন্ত্রীর সফর: সিটি কর্পোরেশন উদ্বোধনসহ দিনব্যাপী কর্মসূচি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২০ এপ্রিল) বগুড়া সফরে আসছেন। দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সফরে তিনি বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনা এবং এক জনসভায় বক্তব্য প্রদান করবেন।
বগুড়ার কৃতি সন্তান হিসেবে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তাঁর প্রথম সরকারি সফর হওয়ায় এর তাৎপর্য বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ভোর ৬টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। সেখানে সংক্ষিপ্ত বিরতির পর বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতি ভবনের উদ্বোধন করবেন। একইসঙ্গে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমেরও উদ্বোধন করবেন তিনি।
এরপর বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরভবনে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন।
দুপুর ১২টা ৪৫ মিনিটে বাগবাড়ীতে পৌঁছে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করবেন। একই স্থানে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
পরে দুপুর ১টা ৪৫ মিনিটে নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন তিনি।
বিকেল পৌনে ৩টায় বাগবাড়ী থেকে ফিরে বগুড়া সার্কিট হাউসে স্বল্প সময়ের জন্য বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জনসভা শেষে বিকেল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন। পরে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
ফেরার পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর রাত ১১টার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
জেলা প্রশাসন জানিয়েছে, সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।