লোডশেডিংয়ে ক্ষোভ, বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি; যুবক আটক | Daily Chandni Bazar লোডশেডিংয়ে ক্ষোভ, বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি; যুবক আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬ ০০:৩২
লোডশেডিংয়ে ক্ষোভ, বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি; যুবক আটক
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

লোডশেডিংয়ে ক্ষোভ, বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি; যুবক আটক

ঘন ঘন লোডশেডিংয়ে ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে দেবজতী চক্রবর্তী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে পৌরসভার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার সকালে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, তীব্র গরমের মধ্যে পাইকগাছা এলাকায় লোডশেডিং মারাত্মক আকার ধারণ করেছে। এতে জনজীবনে ভোগান্তি বেড়েছে এবং বিভিন্ন কর্মক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। এসএসসি পরীক্ষার সময় বিদ্যুতের ঘন ঘন যাওয়া-আসায় পরীক্ষার্থীরাও চরম দুর্ভোগে পড়েছে।

এ অবস্থায় শনিবার বিকেল ৩টার দিকে দেবজতী চক্রবর্তী মোবাইল ফোনে পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিসের কর্মকর্তা অঞ্জন চৌধুরীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানানো হলে রাতেই পুলিশ তাকে আটক করে।

পাইকগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবজতী পরে তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, এলাকায় ২৪ ঘণ্টায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন থাকলেও বরাদ্দ রয়েছে মাত্র ৩ মেগাওয়াট। ফলে লোডশেডিং এড়ানো সম্ভব হচ্ছে না।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, হুমকির ঘটনায় তাকে আটক করা হয়েছিল। তিনি ভুল স্বীকার করায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।