বগুড়ায় খেজুরের গুদামে আগুন, ক্ষয়ক্ষতি কোটি টাকার বেশি | Daily Chandni Bazar বগুড়ায় খেজুরের গুদামে আগুন, ক্ষয়ক্ষতি কোটি টাকার বেশি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬ ০১:১২
বগুড়ায় খেজুরের গুদামে আগুন, ক্ষয়ক্ষতি কোটি টাকার বেশি
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় খেজুরের গুদামে আগুন, ক্ষয়ক্ষতি কোটি টাকার বেশি

বগুড়া শহরের জামিলনগর এলাকায় একটি খেজুরের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের আজিজুল হক কলেজের সামনে অবস্থিত মেসার্স সায়েম ট্রেডার্সের গুদামে এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই গুদামটিতে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

গুদামের স্বত্বাধিকারীর ছেলে ডা. রায়হান জানান, বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, গুদামের ভেতরে এক কনটেইনারের বেশি আমদানিকৃত খেজুর, দুটি প্যাকেজিং মেশিন সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া খেজুর পরিবহনের একটি পিকআপ ভ্যান ভস্মীভূত হয়েছে এবং আরেকটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, গুদামের ছাদে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার খালি কার্টুন মজুত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকারও বেশি।

বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুজ্জামান বলেন, আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।