নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুকুরপাড়ে সাইনবোর্ড স্থাপনের অভিযোগে বগুড়ার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। একই সঙ্গে ওই তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জজকোর্টের আইনজীবী এম এ ছোবহান।
মামলা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার কোষাশ মৌজার ৫ দশমিক ৯৯ একর আয়তনের ‘বিষলাল’ পুকুর সংস্কার ও মালিকানা নিয়ে চলমান মামলার প্রেক্ষিতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংশ্লিষ্ট কর্মকর্তারা পুকুরপাড়ে সরকারি মালিকানার সাইনবোর্ড স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মনছের আলী সরদারসহ ১০ জন বাদী যৌথভাবে আদালতে মামলা দায়ের করেন। বাদীপক্ষের দাবি, তারা দীর্ঘদিন ধরে পুকুরটি ভোগদখল করে আসছেন এবং সেখানে মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।
আদালত বাদীপক্ষের আবেদন আমলে নিয়ে তিন কর্মকর্তাকে শোকজ নোটিশ প্রদান করেন। নোটিশে আগামী ২৪ মে সকাল ৯টায় আদালতে স্বশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় একতরফা শুনানি অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, একই পুকুর সংক্রান্ত বিষয়ে ২০২০ সালে দায়ের করা একটি মামলায় ২০২১ সালের ৯ মে আদালত বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, সরকার পক্ষ থেকে পুকুরটিতে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগের বিষয়টি জেনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।