বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইকারী একটি চক্রের সর্দারসহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চারটি ইজিবাইক, ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার ও ছয়টি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) ভোরে বগুড়া সদরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রথমে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুর জেলার হারাগাছ থানার বানুপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়।
বুধবার (৬ মে) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সিগঞ্জের মামুন শিকদার (৪০), বরিশালের মিঠু পাটোয়ারী (৩০), গাইবান্ধার সুমন মিয়া (৩০), পটুয়াখালীর জাকির হোসেন (৪০) ও নিজাম (৪৬), এবং রংপুরের ওবায়দুল ইসলাম বেগ (৪০) ও জাহিদুল ইসলাম (৪২)।
পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল এক ব্যক্তি যাত্রী সেজে ভুক্তভোগী রায়হানের ইজিবাইক ভাড়া নেন। পরে টিএমএসএস হাসপাতাল সংলগ্ন এলাকায় গিয়ে নিজেকে সিভিল পুলিশ পরিচয় দিয়ে কৌশলে চালককে অন্যত্র পাঠিয়ে দেন। ফিরে এসে ভুক্তভোগী তার ইজিবাইক ও ওই ব্যক্তিকে আর খুঁজে পাননি।
এ ঘটনায় ৫ মে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, তারা বগুড়ার বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ছিনতাই করে রংপুর এলাকায় বিক্রি করত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া চারটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরি ও দস্যুতা মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।