বগুড়া পুলিশ লাইন্সের ভেতর থেকে জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত এএসআই মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকালে পুলিশ লাইন্সের অভ্যন্তর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে কোনো একসময় তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ নামিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার রহমান বলেন, “এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”