ফুটবল মাঠের চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা ভুলে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা দিলেন বগুড়ার ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা। ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দুই দলের সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক যৌথ আনন্দ শোভাযাত্রা।
শুক্রবার (৫ জুন) বিকেলে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হন ব্রাজিল ও আর্জেন্টিনার শত শত সমর্থক। বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, শোভাযাত্রায় প্রায় ৬০০ আর্জেন্টিনা সমর্থক এবং শতাধিক ব্রাজিল সমর্থক অংশ নেন। এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকরা মাঠ সংলগ্ন এলাকায় তিনটি বৃক্ষরোপণ করেন।
বিকেল সাড়ে ৪টার দিকে ব্যান্ড পার্টি, বাঁশি, জাতীয় পতাকা, রঙিন বেলুন এবং ঘোড়ার গাড়ি নিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। দুই দলের সমর্থকরা কাঁধে কাঁধ মিলিয়ে নেচে-গেয়ে বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রা শহরের সাতমাথা এলাকায় পৌঁছালে সৃষ্টি হয় ভিন্ন এক আবহ। সেখানে আর্জেন্টিনা সমর্থকদের পক্ষ থেকে ব্রাজিল সমর্থকদের উদ্দেশে কাওয়ালি পরিবেশন করা হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার আলতাফুন্নেছা খেলার মাঠে এসে শেষ হয়।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল দুই দলের সমর্থকদের মধ্যে উপহার বিনিময়। সম্প্রীতির প্রতীক হিসেবে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের হাতে তুলে দেন সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজুর। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের উপহার দেন কোমল পানীয়।
আয়োজনের অন্যতম সমন্বয়ক ও আর্জেন্টিনা সমর্থক মাহবুব আলম জিয়ন বলেন, “খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে সবাই বন্ধু। ফুটবলকে কেন্দ্র করে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য।”
ব্রাজিল সমর্থক আখতারুজ্জামান সোহাগ বলেন, “দেশের বিভিন্ন স্থানে খেলা নিয়ে সংঘাতের খবর পাওয়া যায়। আমরা সেই সংস্কৃতির বিপরীতে সম্প্রীতির বার্তা দিতে চাই। দল যার যার, কিন্তু সম্পর্ক সবার সঙ্গে ভ্রাতৃত্বের।”
ফুটবল বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে এমন ব্যতিক্রমী আয়োজন বগুড়ার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।