নির্বাচনী এলাকায় দেওয়া প্রতিশ্রুতি ও উন্নয়ন বরাদ্দ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
বৃহস্পতিবার (০৪ জুন ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
বার্তায় তিনি বলেন, তার নির্বাচনী এলাকার বিভিন্ন সময় দেওয়া প্রতিশ্রুতি, বরাদ্দ ও উন্নয়নমূলক ওয়াদা—যা হয় সরাসরি বা প্রতিনিধির মাধ্যমে দেওয়া হয়েছে—সেগুলোর সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রয়োজন। কোনো এলাকার উন্নয়ন কাজ যেন তথ্যের অভাবে বাদ না পড়ে, সে জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে দ্রুত তথ্য সরবরাহের অনুরোধ জানান।
তিনি আরও জানান, ইউনিয়নের নাম, প্রতিষ্ঠান বা স্থানের বিস্তারিত ঠিকানা এবং যোগাযোগ নম্বরসহ তথ্য তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। এতে করে প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রক্রিয়া আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
এমপি মোশারফ হোসেন বলেন, “আস্তে আস্তে সবাই পাবেন, তবে যেগুলো প্রতিশ্রুতি দেওয়া আছে সেগুলো আগে বাস্তবায়নের চেষ্টা চলছে। ইতোমধ্যে অনেকগুলো বিষয় নথিভুক্ত করা হয়েছে এবং সে অনুযায়ী কাজও চলমান রয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, মানুষের স্বাভাবিকভাবে কিছু বিষয় ভুলে যাওয়ার কারণে কোনো প্রতিশ্রুতি যেন বাদ না পড়ে, সে জন্যই এই আগাম তথ্য সংগ্রহ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, “আপনাদের সহযোগিতার মাধ্যমেই প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। একসাথে কাজ করলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সঠিক তথ্য দিয়ে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।