বগুড়ার কাহালু উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুকুরে কারখানার বর্জ্য ফেলার অভিযোগে এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, উপজেলার মুরইল ইউনিয়নের বাখরা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুকুরে শিল্পকারখানার বর্জ্য ডাম্পিং করা হচ্ছিল। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও ডাম্পিংয়ের অভিযোগে আল-নূর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মলিহা খানম।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মাদ ইকবাল হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে মালিহা মমতাজ, মুরইল ইউপি সদস্য জাহিদুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।