বগুড়া শহরের একটি মোটেলের কক্ষ থেকে বিপুল চন্দ্র পাল (৫০) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি যৌন উত্তেজক সিরাপ, একটি ঘুমের ট্যাবলেট, একটি কোমল পানীয়র বোতল এবং একটি পানির বোতল জব্দ করা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে শহরতলির চারমাথা এলাকায় অবস্থিত সেঞ্চুরি মোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন।
নিহত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং এরুলিয়া পালপাড়া এলাকার জিতেন্দ্রনাথ পালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ২টার দিকে মোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে কক্ষের দরজা খোলা হয়। পরে বিছানায় বিপুল চন্দ্র পালকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরীক্ষা করে নিশ্চিত হওয়া হয় যে তিনি মারা গেছেন।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে বিপুল চন্দ্র পাল মোটেলটির একটি কক্ষ ভাড়া নেন। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কক্ষ থেকে উদ্ধার হওয়া যৌন উত্তেজক সিরাপ, ঘুমের ট্যাবলেট, কোমল পানীয় ও পানির বোতল জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।