বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিদ্যুৎস্পর্শে নজরুল ইসলাম (৪২) নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার ডোমনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ডোমনপুকুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য এবং মাঝিড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, নিজ বাড়িতে নতুন নির্মাণাধীন ভবনের বিদ্যুতের তার মেরামতের কাজ করছিলেন নজরুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম বলেন, নজরুল ইসলাম দলীয় কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয় ছিলেন। রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণও করেছিলেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, বিদ্যুৎস্পর্শে একজন বিএনপি নেতার মৃত্যুর খবর পুলিশ পেয়েছে।
নজরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।