কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভুরুঙ্গামারী–রংপুর রুটে দীর্ঘদিন বন্ধ থাকা মেইল বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) নাগেশ্বরী বাসস্ট্যান্ডে উত্তর ধরলা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং উত্তর ধরলা অঞ্চলের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও মিছিল চলাকালে বক্তারা বলেন, ভুরুঙ্গামারী–রংপুর রুটে বন্ধ হয়ে যাওয়া রংপুর মেইল বাস সার্ভিস অবিলম্বে পুনরায় চালু করতে হবে। দীর্ঘদিন ধরে এই রুটে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, নুর মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কোহিনুর বেগম, হাজীপুর যুব সংগঠনের সভাপতি আব্দুর রশিদ, হাসনাবাদ যুব ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হেলাল আহমেদ, জান্নাতি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ফাতেমা খাতুন, গ্লোবাল যুব উন্নয়ন সংস্থার সভাপতি জাকারিয়া, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের প্রতিনিধি সহ আরও অনেকে।
বক্তারা আরও বলেন, ধরলা পাড়ে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ মেইল বাস সার্ভিস চালুর মাধ্যমে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা অবিলম্বে বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।