রংপুরের কারমাইকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা উপেক্ষা করে বিভিন্ন খাত দেখিয়ে নিয়মের বাইরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রিভিয়াস মাস্টার্স (২০২২–২৩ শিক্ষাবর্ষ) এর প্রায় ৭১৬ জন শিক্ষার্থীর কাছ থেকে নির্বাচনী পরীক্ষার অজুহাতে কোনো নির্দিষ্ট খাত উল্লেখ ছাড়াই অতিরিক্ত ৪৮০ টাকা করে আদায় করা হচ্ছে।
তাদের দাবি, ফরম ফিলাপের নির্ধারিত টাকার বাইরে এ অর্থ নেওয়া হচ্ছে। এতে মোট প্রায় ৩ লাখ ৪৩ হাজার ৬৮০ টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে।
একজন শিক্ষার্থী আপেল মাহমুদ বলেন, “টেস্টের জন্য ৪৮০ টাকা করে নেওয়া হয়েছে। জিজ্ঞেস করলে বলা হয় বিভাগের জন্য নেওয়া হয়েছে। পরে আবার ভিন্ন ভিন্ন কথা বলা হয়। এটা স্পষ্ট অনিয়ম।”
আরেক শিক্ষার্থী জুয়েল আহমেদ বলেন, “ফরম ফিলাপের বাইরে ৪৮০ টাকা নেওয়া হচ্ছে, কিন্তু কী কারণে নেওয়া হচ্ছে তা স্পষ্ট করে বলা হচ্ছে না। একেক সময় একেক কথা বলা হচ্ছে।”
শিক্ষার্থী লাকি বেগম বলেন, “ব্যাংকে ৪৩৫০ টাকা জমা দিতে হচ্ছে, এর বাইরে ৪৮০ টাকা নেওয়া হচ্ছে। কী কারণে নেওয়া হচ্ছে আমরা জানি না, তবে দিতে বাধ্য হচ্ছি।”
এ বিষয়ে কারমাইকেল কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আরিফ হাসান বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া সম্পূর্ণ অবৈধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং শিক্ষার্থীদের পাশে আছি। এই টাকা নেওয়ার সিদ্ধান্ত থেকে বিভাগকে সরে আসতে হবে এবং শিক্ষার্থীদের টাকা ফেরত দিতে হবে।”
অভিযোগের বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মোস্তাফিজার রহমান মিন্টু বলেন, “শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়েছে। শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। প্রশ্নপত্র, কর্মচারীসহ বিভিন্ন খরচের কারণে ফি নেওয়া হয়েছে। শিক্ষার্থীরাই পরীক্ষার জন্য অনুরোধ করেছে।”
অন্যদিকে কারমাইকেল কলেজের অধ্যক্ষ জানান, টেস্ট ফি নামে এ ধরনের টাকা আদায়ের কোনো অনুমোদিত নিয়ম নেই। বিষয়টি জানার পর কলেজ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।