বগুড়ার সারিয়াকান্দিতে নওখিলা পি.এন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ সাইম মুস্তাকিম (১৭)-এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নওখিলা পি.এন উচ্চ বিদ্যালয়, কুতুবপুর উচ্চ বিদ্যালয়, নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়, কুতুবপুর মাল্টিমিডিয়া স্কুল, কুতুবপুর ক্রিয়েটিভ স্কুল, সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সারিয়াকান্দি ফাজিল মাদ্রাসা, শহীদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেন চন্দনবাইশা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জু মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আসিব খান, যুব বিভাগের সহ-সভাপতি বেলাল হোসেন, বগুড়া জেলা জাতীয় ছাত্র শক্তির সদস্য শরিফুল ইসলাম মুসফিকসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, নিহতের পরিবারের সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
পরে নিহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এবং বিভিন্ন শিক্ষার্থী প্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের কাছে স্মারকলিপি প্রদান করেন। একই সঙ্গে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুর আলমের কাছেও পৃথক আবেদন জমা দেওয়া হয়।
নওখিলা পি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা বলেন, “মুস্তাকিম একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবি করছি।”
সহপাঠী জাকারিয়া ইসলাম বলেন, “আমার বন্ধু মুস্তাকিম হত্যার বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
সারিয়াকান্দি থানার (তদন্ত) ওসি নুর আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, “নিহত মুস্তাকিম একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছি।”
উল্লেখ্য, গত ২১ মে সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ সাইম মুস্তাকিম নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবার শাহাদত ও তার বাবা শাহ আলীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।