প্রকাশিত : ২১ জুন, ২০২৬ ২৩:৪৯
বগুড়ায় যাত্রীবাহী বাসে ৭০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের সময় ৭০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়।
রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত শাহজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নারী হলেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কুমলিহাট ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাসিন্দা মোছা. জরিনা (৫০)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ঢাকা থেকে বগুড়াগামী আর-কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী কোচে অভিযান চালায়। এ সময় বাসের বি-৪ নম্বর আসনে বসা এক যাত্রীর দেহ ও তার সঙ্গে থাকা কালো রঙের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়।
তল্লাশিতে স্কচটেপে মোড়ানো চারটি প্যাকেট থেকে মোট ৭০০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৭০ গ্রাম। এছাড়া মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. তাহিদুল আলম।
ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।