বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ, গণশুনানির নির্দেশ | Daily Chandni Bazar বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ, গণশুনানির নির্দেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জুন, ২০২৬ ০০:০৮
বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ, গণশুনানির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার তিন ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ, গণশুনানির নির্দেশ

 বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতির ভিত্তিতে নতুন নাম নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক ড. তৌফিকুর রহমান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনামূলক চিঠি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়। চিঠিতে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পুনর্বিবেচনার জন্য গণশুনানির আয়োজন করতে বলা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নাম পরিবর্তনের কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে নতুন নাম চূড়ান্ত করা হবে এবং পরে তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।

এর আগে গত ১১ ও ১৪ জুন জেলা প্রশাসনের প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবগঠিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। এতে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।

তবে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামগুলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক পরিচয় এবং তাঁর দুই ছেলের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে সরকার এসব নাম পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়।

তবে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে ইউনিয়নের নামকরণ বিতর্কের মধ্যেই শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের একটি প্রস্তাব নিয়েও স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা দেখা দেয়। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এর আগেই প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিক্ষা সচিবের কাছে চিঠি দিয়ে তাঁর নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ না করার অনুরোধ জানিয়েছিলেন।