প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ ১৮:১৯
সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
সঞ্জু রায়:
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর জাতীয় পর্যায়ের সেমিফাইনালে জয় পেয়েছে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। শুক্রবার ঢাকার পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে সিলেটের সৈয়দ হাতেম আলী স্কুলকে ৩১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে দলটি।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন বাইজিদ বোস্তামি। ১২৯ বল মোকাবিলা করে এই ইনিংস খেলেন তিনি।
বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সৈয়দ হাতেম আলী স্কুলের লক্ষ্য নির্ধারণ করা হয় ৩৯ ওভারে ১৯৪ রান। জবাবে সিলেটের দল ৩৭.৩ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায়। ফলে ৩১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বগুড়ার দল। বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের আব্দুর রহমান ইরফান ৮ ওভার বল করে ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।
এর আগে কোয়ার্টার ফাইনালে চট্রগ্রামকে হারিয়ে জয় পেয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। সেমিফাইনালে জয়ের মধ্য দিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে জায়গা করে নিল দলটি।
দলের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত। তিনি বলেন, জাতীয় পর্যায়ে ফাইনালে ওঠা আমাদের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফলেই এ অর্জন এসেছে। আমি দলের সব খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। ফাইনালেও তারা সেরাটা উপহার দেবে বলে আমি আশাবাদী।