দুপচাঁচিয়ায় ৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, উৎকণ্ঠায় পরিবার | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় ৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, উৎকণ্ঠায় পরিবার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুন, ২০২৬ ০১:৩৮
দুপচাঁচিয়ায় ৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, উৎকণ্ঠায় পরিবার
দুপচাঁচিয়া, বগুড়া সংবাদদাতাঃ

দুপচাঁচিয়ায় ৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, উৎকণ্ঠায় পরিবার

আব্দুস সবুর (১৩)। ছবি- সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় আব্দুস সবুর (১৩) নামে এক মাদ্রাসাছাত্র গত আট দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দুপচাঁচিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিশুটির কোনো সন্ধান না মেলায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

নিখোঁজ আব্দুস সবুর উপজেলার চক-আলতাফ গ্রামের আজিজার রহমানের ছেলে। সে তালোড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম (লুৎফর রহমান) কওমি মাদ্রাসার ইবতেদায়ী শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ জুন শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে তালোড়া নাগর নদের সেতু-সংলগ্ন বাসার নিচ থেকে আব্দুস সবুর নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার সময় তার মাথায় সাদা টুপি, গায়ে জলপাই রঙের পাঞ্জাবি এবং পায়ে একই রঙের স্যান্ডেল ছিল। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল স্বাভাবিক এবং মাথার চুল ছোট।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই সম্ভাব্য বিভিন্ন স্থান, আত্মীয়-স্বজনের বাড়িসহ নানা জায়গায় খোঁজাখুঁজি চালানো হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরে গত ২২ জুন আব্দুস সবুরের বাবা আজিজার রহমান দুপচাঁচিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৪১) করেন।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা আজিজার রহমান বলেন, “আমার ছেলেকে খুঁজে পেতে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। কিন্তু এখনো তার কোনো সন্ধান পাইনি। প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।”

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, সাধারণ ডায়েরির ভিত্তিতে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আব্দুস সবুরের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।