বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্নের অভিযোগে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টায় শহরের ঐতিহাসিক সাতমাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি মো. আমিনুল ফরিদ এবং সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম।
সমাবেশে বক্তব্য দেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী সেখ, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা ও শাহনিয়াজ কবির খান পাপ্পু, জেলা কমিটির সদস্য অখিল পাল এবং সাইদুর রহমান পারভেজ।
বক্তারা বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন বাংলাদেশের স্বাধীনতা, আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের চেতনার পরিপন্থী। তাদের অভিযোগ, দেশের পররাষ্ট্রনীতি ক্রমেই সাম্রাজ্যবাদী শক্তির প্রভাবাধীন হয়ে পড়ছে, যা দেশের স্বার্থের জন্য ক্ষতিকর।
তারা আরও বলেন, বাংলাদেশের জনগণ কোনো ধরনের বিদেশি আধিপত্য বা হস্তক্ষেপ মেনে নেবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে সরকারকে জাতীয় স্বার্থবিরোধী সব কার্যক্রম থেকে বিরত থাকা এবং অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।