সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত | Daily Chandni Bazar সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ ১২:৩০
সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
সলঙ্গা, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

বামে নিহত শিশু আরিয়ান (৩), ডানে উল্টে যাওয়া অটোরিক্সা। ছবি- সংবাদদাতা

সিরাজগঞ্জের সলঙ্গায় নানাবাড়ি থেকে ফেরার আনন্দ মুহূর্তেই নেমে আসে মৃত্যুর নির্মম ছায়া।সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে প্রাণ হারিয়েছেন এক মা ও তার তিন বছরের শিশু সন্তান।হৃদয়বিদারক এ ঘটনায় শোকে মুহ্যমান স্বজনরা,স্তব্ধ পুরো এলাকা।
জানা যায়,তিন বছরের শিশু আরিয়ান নানাবাড়ি যাওয়ার জন্য বায়না ধরলে বাবা-মা তাকে নিয়ে নলকার তিন নান্দিনা দক্ষিণপাড়া গ্রামের নানা নজরুল ইসলামের বাড়িতে যান। বৃহস্পতিবার বিকেলে সেখান থেকে নিজ বাড়ি কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামে ফেরার পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
ঢাকা–বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন।এ সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় শিশুটির বাবা।তবে তিনি ও আরও কয়েকজন আহত হন।
গতকাল শুক্রবার নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়,চারদিকে শুধু কান্না আর শোকের মাতম।উঠোনজুড়ে স্বজনদের আহাজারি,আর ঘরের ভেতরে স্ত্রী-সন্তান হারানো বাবার বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।ছোট্ট আরিয়ানের ছবি বুকে জড়িয়ে বারবার অজ্ঞান হয়ে পড়ছেন বাবা।তার কান্নায় উপস্থিত অনেকেই চোখের জল ধরে রাখতে পারেন নি।মা-ছেলের একসঙ্গে চলে যাওয়ার এই মর্মান্তিক ঘটনায় নুরনগরসহ আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।