বগুড়ায় যুবক খুন, মামার বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ | Daily Chandni Bazar বগুড়ায় যুবক খুন, মামার বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬ ১৩:৩৩
বগুড়ায় যুবক খুন, মামার বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় যুবক খুন, মামার বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ

আরিফ শেখ (৩৫)। ছবি- সংগৃহীত

বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে।

পুলিশ জানিয়েছে, আরিফের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। পরে গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে তারা পালিয়ে যায়।

রাত ১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বোন রুমি অভিযোগ করেন, “আমাদের মামা বাদলের কাছে আরিফ ১০ লাখ টাকা পেত। টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে মামা বাদল লোক ভাড়া করে সেলিম, জীবন, নাহিদসহ আরও কয়েকজনকে দিয়ে আমার ভাইকে হত্যা করিয়েছে।”

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, “হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”